নতুন সরকার গঠনের দিনেও দরপতন পুঁজিবাজারে
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:৩১:০০
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফলের প্রভাব পড়েছিল দেশের পুঁজিাবাজারে। নির্বাচনের পর প্রথম কার্যদিবস রবিবার (১৫ ফেব্রুয়ারি) দেশের দুই বাজরেই মূল্য সূচকের বড় উত্থান হয়। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বাড়ে ২০০ পয়েন্টের বেশি; অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছিল প্রায় ৫০০ পয়েন্ট।
লেনদেনের পরিমাণও বেড়েছিল দুই বাজারে। বেড়েছিল বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। আর তাতে দীর্ঘদিন পর ছোট-বড় সব বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। নতুন সরকার বাজারের দিকে নজর দেবে, বাজার ভালো হবে, এতোদিনের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন—এমনটাই আশা করছিলেন সবাই।
কিন্তু পরের দিনই (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) হোঁচট খায়; দুই বাজারেই মূল্যসূচকের পাশাপাশি লেনদেন কমে। কমে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। সেই নেতিবাচক ধারায় সরকার নতুন গঠনের দিন মঙ্গলবারও (১৭ ফেব্রুয়ারি) দরপতন হয়েছে পুঁজিবাজারে। প্রধান বাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৯ পয়েন্ট; অন্যদিকে অপর বাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৩ পয়েন্ট।
মূল্যসূচকের পাশপাশি লেনদেনও কমেছে দুই বাজরে; কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।
চব্বিশের অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে দুই দশক পর আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল বিএনপি। আর তিন দশক পর নতুন একজন রাজনীতিবিদকে প্রধানমন্ত্রী হিসেবে পেল বাংলাদেশ।
রেওয়াজ ভেঙে বঙ্গভবনের বদলে এবারের শপথ অনুষ্ঠান হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংগীত এবং তারপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়।
এরপর প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। তারেক রহমান নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে প্রথমে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনের শপথ নেন।
রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের সঙ্গী হচ্ছেন ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর তারেক তার নতুন সরকার সাজিয়েছেন ৪০ জন নতুন মুখ নিয়ে। তাদের মধ্যে বিএনপির জোটের শরিক দুই নেতাও রয়েছেন।
এই সরকার গঠনের আগের দিন সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ দশমিক ০৯ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৯ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করে। দ্বিতীয় সূচক ডিএসই শরিয়াসূচক ডিএসইএস ৮ দশমিক ৬২ পয়েন্ট কমে ১ হাজার ১১৮ দশমিক ৭৩ পয়েন্টে দাঁড়ায়। আর শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক ৯ দমিক ৩৭ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করে।
আর নতুন সরকার গঠনের দিন মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৮ দশমিক ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৭০ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ১ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১ হাজার ১১৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ দশমিক ৫২ পয়েন্ট কমে ২ হাজার ১২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩১টির। কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির দর।
১ হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সোমবার লেনদেনের অঙ্ক ছিল ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ টাকা।
অপর কাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৫২৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৩ দশমিক ২৪ পয়েন্ট কমে ১৫ হাজার ৫১৩ পয়েন্টে, শরিয়াসূচক ১ দশমিক ৮৩ পয়েন্ট কমে ৯৩১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩২ দশমিক ৫০ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৮১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে মোট ২৩১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৪টির। কমেছে ১১০টির এবং অপরিবর্তিত আছে ২৭টির দর।
২১ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।