গোলকিপারের গোলে বেনফিকার ‘মিরাকল’, শেষ ষোলো আর প্লে-অফে কারা
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ ০৯:৪৩:০০
লিগ পর্বে প্রথম চার ম্যাচ হারের পরও বেনফিকা কোচ হোসে মরিনহো বুঝিয়ে দিলেন এভাবেও ঘুরে দাঁড়ানো যায়। সেটাও তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
চ্যাম্পিয়নস লিগের প্লে–অফে খেলার আশা টিকিয়ে রাখতে জিততেই হত বেনফিকাকে। রিয়াল জিতলে কিংবা ড্র করলেই সরাসরি উঠবে শেষ ষোলোয়। এমন সমীকরণের ম্যাচে লেখা হলো ৬ গোলের থ্রিলার, যেখানে দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে রাউল আসেনসিও ও রদ্রিগোর লাল কার্ড দেখা, বেনফিকার ৩-১ গোলে এগিয়ে যাওয়া এবং এমবাপ্পের জোড়া গোল ছাপিয়ে আলোচনায় বেনফিকার গোলকিপার আনাতোলি ট্রাবিন।
একনজরে ফল
আর্সেনাল ৩-২ কাইরাত
লেভারকুসেন ৩-০ ভিয়ারিয়াল
আতলেতিকো ১-২ বোডো/গ্লিমট
বেনফিকা ৪-২ রিয়াল মাদ্রিদ
ফ্রাঙ্কফুর্ট ০-২ টটেনহাম
ব্রুগা ৩-০ মার্শেই
পিএসভি ১-২ বায়ার্ন
আয়াক্স ১-২ অলিম্পিয়াকোস
নাপোলি ২-৩ চেলসি
মোনাকো ০-০ জুভেন্টাস
ইউনিয়ন ১-০ আতালান্তা
বিলবাও ২-৩ স্পোর্তিং সিপি
পাফোস ৪-১ স্লাভিয়া প্রাগ
পিএসজি ১-১ নিউক্যাসল
ম্যান সিটি ২-০ গালাতাসারাই
লিভারপুল ৬-০ কারাবাগ
ডর্টমুন্ড ০-২ ইন্টার মিলান
বার্সেলোনা ৪-১ কোপেনহেগেন
ইনজুরি টাইমে তার গোলেই ৪-২ ব্যবধানে জিতেছে বেনফিকা। তাতে নিশ্চিত করেছে প্লে-অফও। একদম শেষ মুহূর্তে মরিনহোর হাতের ইশারায় ট্রাবিনকে রিয়ালের বক্সে ঢুকতে বলেন। ফ্রি কিক থেকে ট্রাবিনের বুলেটের গতিতে করা হেড রিয়ালের জাল ছুঁতেই দা উল্লাসে ফেটে পড়ে লুজ স্টেডিয়ামের গ্যালারি।
৪–২ গোলে জিতে গোল ব্যবধানে মার্শেইকে বিদায় করে ২৪তম হয়ে নকআউট প্লে–অফে বেনফিকা। আর হেরে রিয়াল নবম হয়ে জায়গা পেল নকআউট প্লে–অফেই। যেখানে তাদের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও।
৮ ম্যাচে ১৫ পয়েন্ট রিয়ালের। দলটি হয়েছে নবম। ১৪ পয়েন্ট নিয়ে ১১তম পিএসজি। বর্তমান চ্যাম্পিয়নরা জয় পেলে সরাসরি শেষ ষোলোতে জায়গা পেত। ঘরের মাঠে ইংলিশ ক্লাব নিউক্যাসলের সঙ্গে ড্র করেছে পিএসজি।

চমক দেখিয়ে নকআউট প্লে–অফে উঠে গেছে নরওয়ের বোডো/গ্লিমট। মাদ্রিদে গিয়ে আতলেতিকো মাদ্রিদকে ২–১ গোলে হারিয়েছে ক্লাবটি।
কাইরাত আলমাতিকে হারিয়ে আটে আট করে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে আর্সেনাল। দিনের সবচেয়ে বড় জয়টি পেয়েছে লিভারপুল। কারাবাগকে ৬–০ গোলে হারিয়েছে অল রেডরা।
বার্সেলোনা ৪-১ গোলে কোপেনহেগেনকে হারিয়ে নিশ্চিত করেছে সেরা আঠে থেকে সরাসরি শেষ ষোলোতে খেলা।
সরাসরি শেষ ষোলোতে
আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি।
নকআউট প্লে–অফে
রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল, জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, লেভারকুসেন, বরুসিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুগা, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বোডো/গ্লিমট ও বেনফিকা
বাদ পড়ল কারা
মার্শেই, পাফোস, ইউনিয়ন সেঁ–জিলোয়াস, পিএসভি আইন্দহফেন, বিলবাও, নাপোলি, কোপেনহেগেন, আয়াক্স, ফ্রাঙ্কফুর্ট, স্লাভিয়া প্রাগ, ভিয়ারিয়াল ও কাইরাত আলমাতি।