Beta
Logo

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সালাহর যোগ করা সময়ের গোলে জিতল মিসর

সালাহর যোগ করা সময়ের গোলে জিতল মিসর
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ০৬:২২:০০

লিভারপুলে তার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ এখনো দূর হয়নি। টানা পাঁচ ম্যাচে একাদশে জায়গা না পাওয়া মোহাম্মদ সালাহ অবশ্য দেশের জার্সিতে বোঝালেন নিজের কার্যকারিতা। তার শেষ বেলার গোলেই আফ্রিকা কাপ অব নেশনসে যোগ করা সময়ে জিম্বাবুয়েকে ২-১ গোলে হারিয়েছে মিসর।

র‍্যাঙ্কিংয়ে ১২৯ নম্বরে থাকা জিম্বাবুয়ে ম্যাচের ২০ মিনিটে প্রিন্স দুবের গোলে এগিয়ে যায় মিসরের বিপক্ষে। ৬৪ মিনিটে ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড ওমর মারমৌশের গোলে সমতায় ফেরে মিসর। তবে নির্ধারিত ৯০ মিনিটে আর গোলের দেখা পাচ্ছিল না মিসর।

 একপর্যায়ে জিম্বাবুয়ের ১১ জন খেলোয়াড়ই নিজেদের রক্ষণে গোল ঠেকানোর চেষ্টা করেন। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটে বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের শটে জিম্বাবুয়ের ৪০ বছর বয়সী গোলকিপার ওয়াশিংটন আরুবিকে ফাঁকি দেন মোহাম্মদ সালাহ। তাতেই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল মিসর।

আফ্রিকা কাপ অব নেশনসে সাতবারের রেকর্ড চ্যাম্পিয়ন মিসর। কিন্তু সালাহ কখনো এই শিরোপার স্বাদ পাননি। ২০১৭ ও ২০২২ সালে খুব কাছে গিয়েও ছোঁয়া হয়নি ট্রফি। ফাইনালে হেরে রানার্সআপ হয় তার দল। এবার দলের অষ্টম ও নিজের প্রথম শিরোপার খোঁজে সালাহ।

 

আরও