Beta
Logo

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ক্রিকেট বিশ্বকাপে দল না পাঠালেও শুটিং দল যাচ্ছে ভারতে

ক্রিকেট বিশ্বকাপে দল না পাঠালেও শুটিং দল যাচ্ছে ভারতে
ক্রীড়া প্রতিবেদক
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ১৮:৪৯:০০

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়নি সরকার। একই সময়ে বাংলাদেশ শুটিং ফেডারেশনকে ভারত সফরের অনুমতি দিয়েছে সরকার। আজ ভারত সফরে সরকারি অনুমতি (জিও) পেয়েছেন একজন শুটার ও কোচ। ক্রীড়া মন্ত্রণালয় মনে করে, ক্রিকেটের মতো ‘হুমকি নেই’ বলে সরকারের অনুমতি পেয়েছে বাংলাদেশ শুটিং ফেডারেশন।

আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম। তার খেলা ৫ ফেব্রুয়ারি। কোচ হিসেবে আছেন শারমিন আক্তার।

নৌবাহিনীর অ্যাথলেট হিসেবে বিশেষ পাসপোর্ট থাকায় রবিউল ভিসা ছাড়া সাত দিন থাকতে পারবেন ভারতে। তবে শারমিনকে ভিসা নিতে হবে। ৩১ জানুয়ারি তাঁদের দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটিই হতে যাচ্ছে শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ।

প্রতিযোগিতাটি ইনডোর এবং সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হওয়ায় বড় কোনো নিরাপত্তাঝুঁকি থাকবে না বলে মনে করছে সরকার। এ নিয়ে যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম গণমাধ্যমে জানিয়েছেন, ‘‘স্থানীয় আয়োজকেরা আমাদের নিশ্চয়তা দিয়েছে যে নিরাপত্তার কোনো সমস্যা হবে না। প্রতিযোগিতা হবে ইনডোরে এবং সংরক্ষিত এলাকায়। ফলে নিরাপত্তার সংকট হবে না আশা করা যায়। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারতের যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। তাছাড়া বাংলাদেশ দলে আছে কেবল একজন খেলোয়াড় ও একজন কোচ। দলটা ছোট।’’

 

 

 

আরও